বিশ্বজিৎ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ৯ ডিসেম্বর অবরোধ চলাকালে সন্ত্রাসীদের হামলায় বিশ্বজিৎ দাসের হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এই হত্যার বিচার দাবি করে বলেন, সরকারি দল এই হত্যার দায় এড়াতে পারবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল এক বিবৃতিতে মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি এবং কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল হক ও মোশরেফা মিশু অভিযোগ করে বলেন, নানামুখী বক্তব্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হত্যাকারীদের আড়াল করতে চাইছেন।পোস্তগোলা জাতীয় মহাশ্মশান কমিটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল বিকেলে এক প্রতিবাদ সভার আয়োজন করে। রাজধানীর তাঁতীবাজারের জগন্নাথ দেব মন্দিরে অনুষ্ঠিত এই সভায় হত্যাকারীদের গ্রেপ্তারে প্রশাসনের উদাসীনতায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি।