বিশ্বজিৎ হত্যার আসামিদের রক্ষার চেষ্টা করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্তকে ‘ভিন্নভাবে চালিত করে’ বিশ্বজিৎ দাস হত্যার আসামিদের রক্ষার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।গতকাল শনিবার সকালে রাজধানীর পুরান ঢাকায় বিশ্বজিতের পরিবারের সঙ্গে দেখা করার পর বাহাদুর শাহ পার্কের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে এরশাদ এ অভিযোগ করেন।বিশ্বজিৎ হত্যার তদন্ত নিয়ে ‘ধুম্রজাল সৃষ্টির’ অভিযোগ করে এরশাদ বলেন, ‘আমরা সবাই দেখলাম, দেশের ১৬ কোটি মানুষ দেখেছে, বিশ্ববাসী দেখেছে—কীভাবে চাপাতি দিয়ে হত্যা করা হয়েছে বিশ্বজিৎকে। অথচ এখন বলা হচ্ছে, তাঁর গায়ে কোপের কোনো চিহ্ন নেই।’ গত ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলার সময় ছাত্রলীগের কর্মীদের হামলায় নিহত হন বিশ্বজিৎ দাস। বাহাদুর শাহ পার্কের পাশে যে বিপণিকেন্দ্রের সামনে বিশ্বজিৎ হামলার শিকার হন, সেখানে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান এরশাদ। এর আগে তিনি হূষিকেশ দাস লেনে বিশ্বজিৎ দাসের বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং ৫০ হাজার টাকা দেন।