বিশ্বজিৎ হত্যায় স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়াতে পারেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। তাঁরা বলেন, দেশে পুলিশ-র‌্যাব বাহিনী থাকা সত্ত্বেও মাঠ দখলের নামে স্বরাষ্ট্রমন্ত্রী খুনিদের রাস্তায় নামিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন; যার দায়দায়িত্ব তিনি কখনোই এড়াতে পারেন না। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে হিন্দু মহাজোট আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ ক্ষোভ ও নিন্দা জানান। তাঁরা তিন দিনের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচারের দাবি করেন। সমাবেশে বিশ্বজিতের চাচাতো ভাই নবীন দাস বলেন, তাঁর ভাইকে হত্যার দায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর কিছুতেই এড়াতে পারেন না। এ সময় বিশ্বজিতের মামাতো বোন বিউটি বণিক ভাইয়ের হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন। সমাবেশে হিন্দু মহাজোটের নেতারা বলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডে কোনো বিবেকবান মানুষ নিশ্চুপ থাকতে পারে না। অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর মতো দায়িত্বশীল পদে থেকে একটি নৃশংস হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার না করে তুচ্ছ-তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করা ও দায় এড়ানোর ঘটনা নজিরবিহীন। জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হিন্দু যুব মহাজোটের সভাপতি রিপন দে, হিন্দু মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে, যুগ্ম মহাসচিব সুশীল মাহাতো, আনন্দ বিশ্বাস, মানিক চন্দ্র সরকার, অরুণ মজুমদার, উত্তম কুমার দাস, শশাঙ্ক রায় শান্ত, গোপাল মিস্ত্রি প্রমুখ। ৯ ডিসেম্বর অবরোধ চলাকালে ঢাকায় বিশ্বজিৎকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।