বিশ্বজুড়ে বিদ্বেষপূর্ণ বক্তৃতা নিষিদ্ধ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী সরকারগুলোর প্রতি আইনের শাসনের আওতায় থেকে বিদ্বেষপূর্ণ বক্তৃতা নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন জার্মানির অর্থনৈতিক ও জ্বালানিবিষয়ক মন্ত্রী সাবেক আইনমন্ত্রী ব্রিজিট জিপ্রিচ। এ প্রসঙ্গে তিনি জার্মানির প্রচলিত হলোকস্ট আইনের কথা উল্লেখ করেছেন। জার্মানির বন শহরে গ্লোবাল মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ব্রিজিট জিপ্রিচ। তিন দিনের এ আন্তর্জাতিক সম্মেলন গতকাল সোমবারই শুরু হয়েছে।

ব্রিজিট জিপ্রিচ বলেন, ডিজিটাল মিডিয়া গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতা-সংক্রান্ত ঐতিহ্যগত ধ্যানধারণার ক্ষেত্রে একটি বিপ্লব এনে দিয়েছে। এটা বিশ্বব্যবস্থাকে মৌলিকভাবে বদলেছে, যার কোনো সীমান্ত নেই। মিডিয়া-সরকার সম্পর্কে জটিলতা বেড়েছে। সে কারণে একে স্বাগত জানাতে অধিকতর সহিষ্ণুতার দরকার রয়েছে। সমালোচনার ভাষা হতে হবে পরিষ্কার এবং শ্রদ্ধাপূর্ণ।

বন শহরের মেয়র অশোক শ্রীধরন বলেন, ডিজিটাল মিডিয়া বিশেষ করে সামাজিক মিডিয়ার জাগরণ গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত সহ্য করার প্রয়োজনীয়তাকে অতীতের যেকোনো সময়ের তুলনায় বাড়িয়ে দিয়েছে। তাঁর কথায়, স্বৈরশাসকেরা বিশ্বব্যাপী ক্রমবর্ধমান হারে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার মাত্রা বাড়িয়ে দেবে। কারণ, রাষ্ট্র পরিবেশিত কোনো ভুয়া খবর বা ধূম্রজাল তৈরির চেষ্টাকে পেশাদার সাংবাদিকেরাই দ্রুত নস্যাৎ করতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জার্মানির সদ্যপ্রয়াত চ্যান্সেলর হেলমুট কোলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জার্মানির সম্প্রচার প্রতিষ্ঠান ডয়চে ভেলে আয়োজিত এবারের সম্মেলনের মূল থিম হল পরিচিতি এবং বৈচিত্র্য (আইডেন্টিটি অ্যান্ড ডাইভার্সিটি)।

বিশ্বের ১৩০টি দেশের সাংবাদিক ও এনজিও কর্মীসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বনের সম্মেলনে যোগ দিচ্ছেন। চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে বহুজাতিগত সমাজের বৈচিত্র্য টিকিয়ে রাখার উপায়, বিশ্বায়নের যুগে পরিচিতি ও বৈচিত্র্য সুরক্ষার তাৎপর্য, ইন্টারনেটের যুগে ব্যক্তিগত গোপনীয়তার অবসান এবং অনলাইন যুগের হাতিয়ারগুলোকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সমর্থন দেওয়ার কৌশল, ভুয়া খবরের ক্রিয়া-প্রতিক্রিয়া ইত্যাদি নানা আন্তর্জাতিক বিষয় এ সম্মেলনে আলোচনা করা হবে।