বিশ্বজুড়ে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ এয়ারওয়েজের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় বিশ্বজুড়ে বিমান পরিবহন সংস্থাটির ফ্লাইট বিঘ্নিত হয় গতকাল শনিবার। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি লন্ডনের হিথ্রোর পাশাপাশি অদূরের গ্যাটউইক বিমানবন্দর থেকে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। এ ত্রুটির কারণে বিশ্বজুড়েই ব্রিটিশ এয়ারওয়েজের বিপুলসংখ্যক যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়েছে।

তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় গোলযোগ দেখা দেওয়ার পর প্রথমে ব্রিটিশ এয়ারওয়েজ গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করে। পরে গতকালের সব ফ্লাইটই বাতিল করা হয়। এক বিবৃতিতে যুক্তরাজ্যের সর্ববৃহৎ এ বিমান পরিবহন সংস্থার কর্তৃপক্ষ বলেছে, ‘তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দেওয়ায় বিশ্বজুড়ে আমাদের ফ্লাইট কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।’ যাত্রীদের অনাকাঙ্ক্ষিত এ দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা এ ঘটনায় হ্যাকিংয়ের কোনো আলামত দেখতে পায়নি। দুর্ভোগে পড়া যাত্রীদের ভ্রমণের সময়সূচি পরিবর্তন বা টিকিটের মূল্য ফেরত নেওয়ার সুযোগও দিয়েছে এয়ারলাইনটি।

হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে অন্য কোনো এয়ারলাইনের ফ্লাইটে কোনো ব্যাঘাত ঘটেনি।

ব্রিটিশ এয়ারওয়েজের কল সেন্টার, ওয়েবসাইট ও মুঠোফোন অ্যাপে সমস্যাটা হয়েছে উল্লেখ করে বিমান পরিবহন বিশেষজ্ঞ জুলিয়ান ব্রে বলেন, তথ্যপ্রযুক্তির এই বিভ্রাটের কারণে পুরো ব্যবস্থাই স্থবির হয়ে পড়েছে।