বিশ্বজয়ের প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে গতকাল সকালে বেলুন উড়িয়ে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের ঢাকা আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয় l ছবি: প্রথম আলো
রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে গতকাল সকালে বেলুন উড়িয়ে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের ঢাকা আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয় l ছবি: প্রথম আলো

খুদে গণিতবিদদের বুদ্ধিদীপ্ত সব প্রশ্ন, রুবিকস কিউব প্রতিযোগিতা, ওয়াটার রকেট উৎক্ষেপণ, বইমেলা, গান-গল্পসহ গণিত ও বিজ্ঞান-বিষয়ক নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘ডাচ্-বাংলা-প্রথম আলো গণিত উৎসব-২০১৬’-এর ঢাকা আঞ্চলিক পর্ব।
গতকাল শুক্রবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আয়োজিত এই উৎসবে চার ক্যাটাগরিতে ঢাকাসহ মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার ১৬২টি স্কুল-কলেজের ৩ হাজার ২৩২ জন শিক্ষার্থী অংশ নেয়।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। গণিত অলিম্পিয়াড কমিটি বলছে, ২০০৩ সাল থেকে শুরু হওয়া সব গণিত অলিম্পিয়াডের মধ্যে এবারের এই আয়োজনই সবচেয়ে বড়।
গতকাল সকালে রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল হান্নান। উদ্বোধনী পর্বে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘আমার মনে হয় এটা সর্বকালের সবচেয়ে বড় গণিত উৎসব। আজ তোমরা এই ইতিহাসের অংশ হয়ে গেলে।’
অধ্যাপক কায়কোবাদ আরও বলেন, ‘গত আন্তর্জাতিক অলিম্পিয়াডে আমরা ভারতকে হারিয়েছি। আমাদের ছেলেমেয়েরা প্রোগ্রামিং প্রতিযোগিতায়ও ভালো করছে। কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিয়াড থেকে আমরা স্বর্ণপদক পাইনি। আশা করব তোমাদের হাত ধরেই সেই স্বর্ণপদক বাংলাদেশে আসবে।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমও কাঙ্ক্ষিত স্বর্ণপদক জয়ের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ বলেন, ‘এই উৎসব দিন দিন বড় হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার হচ্ছে। আমি মনে করি, এর মধ্য দিয়েই শিক্ষার্থীরা একদিন বিশ্ব জয় করবে। পরবর্তী সময়েও এ ধরনের যেকোনো আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংক সঙ্গে থাকবে।’
উদ্বোধনী পর্বের পর শিক্ষার্থীরা সোয়া ঘণ্টাব্যাপী অলিম্পিয়াডে অংশ নেয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও বন্ধুতা পর্বের শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে অধ্যাপক কায়কোবাদসহ মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুৎফুজ্জামান, বিজ্ঞানী রেজাউর রহমান, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক নাজমুল হক সিদ্দিক, অধ্যাপক মাগলুব আল নূর, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, গণিত দলের কোচ অধ্যাপক মাহবুব মজুমদার, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান ও অ্যাকাডেমিক কাউন্সিলর সালেহ জিল্লুর রহমান। খুদে শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত প্রশ্নের জন্য ছিল পুরস্কারের ব্যবস্থা।
‘একটা কক্ষে যদি ৩০ জন মানুষ থাকে, তাহলে অন্তত তাঁদের দুজনের জন্মদিন একই দিনে হওয়ার সম্ভাবনা থাকে ৭০ শতাংশ। এটা কীভাবে হয়?’, ‘চলন্ত ট্রেনের মধ্যে যদি একটা লাফ দেই, তাহলে কি আমার অবস্থান পরিবর্তন হবে?’ কিংবা ‘পৃথিবীর শেষ প্রান্ত কোথায়?’—এমন সব প্রশ্ন যাদের মাথা থেকে এসেছে, সেই শিক্ষার্থীদের ‘খুদে’ বলতে রাজি নন অধ্যাপক খোদাদাদ খান। তিনি বলেন, ‘তোমাদের অনেকে খুদে গণিতবিদ বলে। কিন্তু তোমরা খুদে নও, নবীন গণিতবিদ। আমি জানি, তোমাদের অনেকের মেধা ও সৃজনশীলতা প্রবীণদের থেকে বেশি। তোমাদের করা প্রশ্নগুলোতে তার ছাপ রয়েছে।’
প্রশ্নোত্তর পর্ব শেষে বিরতির পর ছিল ওয়াটার রকেট উৎক্ষেপণের পালা। পরে রুবিকস কিউব প্রতিযোগিতায় ১১ সেকেন্ডে কিউব মিলিয়ে প্রথম স্থান অর্জন করে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের সাকিব ইবনে রশীদ।
এ পর্বে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এ সময় গণিত দলের কোচ অধ্যাপক মাহবুব মজুমদার বলেন, ‘তোমরা যে কাজই করো না কেন, সেটা পুরোপুরি মনোযোগ দিয়ে করতে হবে। সাফল্যের একমাত্র পথ এটাই।’
অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, প্রশ্নের উত্তর পাওয়ার জন্য প্রথমে নিজেকেই সেই প্রশ্নটা করতে হবে। এরপর দেখতে হবে ধারণাগত বিষয়গুলো।
সমাপনী পর্বে দেড় শ জন বিজয়ীর নাম ঘোষণা এবং তাদের পদক ও সনদ দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।
উৎসবে বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন গণিত অলিম্পিয়াডের অ্যাকাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান।
চলতি বছর হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আইএমওর জন্য বাংলাদেশ গণিত দল নির্বাচনের লক্ষ্যে এ বছর ২৪টি জায়গায় আঞ্চলিক গণিত উৎসব হচ্ছে। সব উৎসবের বিজয়ীরা আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠেয় জাতীয় গণিত উৎসব-২০১৬ ও চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।