বিশ্বনাথ, বাঞ্ছারামপুর ও নবাবগঞ্জে ইরি, বোরো ধানের ব্যাপক ক্ষতি
সিলেটের বিশ্বনাথে পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে ১৯টি বিল ও হাওরের বোরো ফসল এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৃষ্টিতে এক হাজার একর জমির বোরো ধান তলিয়ে গেছে।এদিকে পদ্মার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার কয়েক শ একর জমির ইরি ও বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠনো খবর:বিশ্বনাথ (সিলেট): বিশ্বনাথে বৃষ্টির পানিতে যেসব হাওরের বোরো ধান ডুবে গেছে সেগুলো হলো: জুলিয়ার হাওর, নোয়াবিল, ইকরাম বিল, বেলার হাওর, চাউলধনী হাওর, বন্ধুয়া হাওর, মাধবপুর হাওর, বড়ডোগী হাওর, বড়কান্দি হাওর, খাড়ারছড়া হাওর, আমতৈল হাওর, গোয়াহরি বিল, নলিয়ার হাওর, করইআইল হাওর, হাটালু হাওর, বালিয়াবন্ধ, ডোবাগ বিল, মঠুকোনা বিল, টেংরা বিল।কৃষি অফিস সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে উপজেলার আটটি ইউনিয়নের ১৯টি বিল ও হাওরের প্রায় ৭৫০ হেক্টর জমির বোরো ফসল ডুবে গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন হাওর ও বিলে পানি থই থই করছে। অনেক কৃষক পানিতে নেমে ডুবে ধান কেটে নৌকা কিংবা ভেলায় করে তা তীরে আনছেন। বেশ কয়েক দিন ধানের গাছগুলো পানির নিচে থাকায় ইতিমধ্যে তাতে পচন ধরতে শুরু করেছে। ফলে কাটার সময় গাছ থেকে ঝরে পড়ছে ধান। দোয়ারীগাঁও গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের জমি অনেক উঁচুতে, তাও পানিতে তলিয়ে গেছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সফর উদ্দিন প্রথম আলোকে বলেন, ধান যাতে নষ্ট না হয় সে জন্য কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া অব্যাহত রয়েছে।বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): বাঞ্ছারামপুর উপজেলায় পানিতে তলিয়ে আছে এক হাজার একরের বোরো ধান। তিতাস নদীর পানি গত কয়েক দিনে তিন ফুট বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত শনি ও গতকাল রোববার উপজেলার বিল এলাকা ঘুরে দেখা গেছে, আধাপাকা, পাকা অনেক ধানের খেত পানিতে নিমজ্জিত। ফরদাবাদের বারিয়াদহ, হোসেনপুর-পাঠামারার বিস্তীর্ণ মাঠ, রাধানগর-বুধাইরকান্দি-কালিকাপুর-কল্যাণপুরের বিস্তীর্ণ মাঠ, চরশিবপুর, ডেফার বিল, মিরপুর-পাঠামারার ডাকাতিয়া বিলের কয়েক শ একর বোরো ধানের জমি পানিতে তলিয়ে গেছে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল আমিন পাটওয়ারী প্রথম আলোকে বলেন, যেভাবে পানি বাড়ছে, তাতে বিস্তীর্ণ এলাকার বোরো ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে।নবাবগঞ্জ (ঢাকা): পদ্মা নদীতে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার কয়েক শ একর জমির ইরি ও বোরো ধান তলিয়ে গেছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দোহার উপজেলার মাহমুদপুর, বিলাশপুর, নয়াবাড়ি ও নারিশা ইউনিয়নে বানের পানি ঢুকে ইরি ও বোরো ধানের খেত তলিয়ে গেছে। অপরদিকে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর, চুড়াইন, কৈলাইল ও বক্সনগর ইউনিয়নে পদ্মার সংযুক্ত ইছামতী নদীর পানি ঢুকে পাকা ধান ডুবে গেছে। দুটি উপজেলায় আনুমানিক ৫০০ একর জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। নবাবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপক কুমার দাস বলেন, যেভাবে পানি বাড়ছে, তাতে পাকা ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।