বিশ্বনাথ থানার ওসিসহ ১৪ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় জামায়াতের কর্মী গোলাম রব্বানী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৪ জন পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। গোলাম রব্বানীর বাবা পাকিছিরি গ্রামের মুহিবুর রহমান বাদী হয়ে গতকাল রোববার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। মামলায় বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদ ছাড়াও পরিদর্শক (তদন্ত) রূপক কুমার সাহা, উপপরিদর্শক জিয়াউদ্দিন, ইসমাইল হক, মাজহারুল ইসলাম ও নয়জন কনস্টেবলকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। বাদী আরজিতে উল্লেখ করেন, ২০ মার্চ জামায়াতের মিছিল চলাকালে পুলিশের সদস্যরা গুলি করে তাঁর ছেলেকে হত্যা করেন। এ ব্যাপারে বিশ্বনাথ থানায় অভিযোগে দাখিল করলেও পুলিশ তা মামলা হিসেবে নেয়নি। তাই তিনি আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালত মামলা গ্রহণ করে বিশ্বনাথ থানার ওসিকে এ বিষয়ে খোঁজ নিয়ে ২৯ এপ্রিলের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। আবুল কালাম আজাদ জানান, আদালতে মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। এ-সংক্রান্ত আদেশ এলে তিনি করণীয় নির্ধারণ করবেন।