বিশ্বনাথে অটোরিকশার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় গতকাল রোববার অটোরিকশা শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে উত্তরপাড়ার (নতুন বাজার) অটোরিকশা সমিতির একদল শ্রমিক থানা কমপ্লেক্সের সামনে দক্ষিণপাড়ার (পুরান বাজার) অটোরিকশার শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের তিনজন আহত হন। তাঁরা হলেন, ইলিয়াস মিয়া (৫৮), আবদুল হান্নান (৫০) ও কওছর মিয়া (৩৫)।উত্তরপাড়া (নতুন বাজার) অটোরিকশা সমিতির সভাপতি ময়না মিয়া অভিযোগ করেন, ‘বাওয়ানপুরে একজনের কাছ থেকে পাওনা টাকা আনতে গেলে তাঁর পক্ষের আবুল হোসেনের (২৮) ওপর হামলা চালানো হয়। বিষয়টি সমাধানের জন্য দক্ষিণপাড়ার সমিতির ওপর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সন্ধ্যা ছয়টার দিকে আমার সমিতির আরেক সদস্য মানিক মিয়ার (২৯) ওপরও হামলা চালানো হয়।’দক্ষিণপাড়ার (পুরান বাজার) অটোরিকশা সমিতির সভাপতি রিহান মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ময়না মিয়ার নেতৃত্বেই আমাদের সমিতির সদস্যদের ওপর হামলা করা হয়েছে।’বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) আশেক সুজা মামুন বলেন, কোনো পক্ষই এ ব্যাপারে থানায় অভিযোগ করেনি। পরিস্থিতি শান্ত রয়েছে।