বিশ্বনাথে আ.লীগ-বিএনপি সমান সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় প্রতীকে প্রথম নির্বাচন। তাই নির্বাচনী প্রচারণায় ভর করেছিল রাজনীতি। আওয়ামী লীগের প্রার্থীদের প্রচারণার মূল বিষয় ছিল উন্নয়নের ধারা অব্যাহত রাখা। আর বিশ্বনাথে বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর বাড়ি হওয়ায় বিএনপির প্রচারণায় ছিল ইলিয়াস ‘গুমের’ প্রতিবাদ জানাতে ভোট দেওয়ার আহ্বান। শেষ পর্যন্ত নির্বাচনের ফল হয়েছে সমান সমান।
বিশ্বনাথের ছয় ইউপির মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দুজন করে চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। আরও দুটিতে আওয়ামী লীগ ও বিএনপির একজন করে ‘বিদ্রোহী’ প্রার্থী জয়ী হন। এ হিসাবে দল মনোনীত ও ‘বিদ্রোহী’ প্রার্থীর হিসাবে সমান সমান ফল হয়েছে বলে দলীয় নেতা-কর্মীরা মনে করছেন।
বিশ্বনাথের সাত ইউপির মধ্যে সীমানাসংক্রান্ত জটিলতার কারণে দেওকলস ইউপিতে নির্বাচন স্থগিত ছিল। বাকি ছয়টিতে নির্বাচন হয়। এতে ১ লাখ ১৯ হাজার ২৩৮ ভোটারের মধ্যে ৮৬ হাজার ৫৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। লামাকাজি ইউপিতে দলীয় প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ওরফে ধলা মিয়া ৬ হাজার ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শাহনুর হোসাইন পান ৪ হাজার ৯৩২ ভোট। খাজাঞ্চী ইউপিতে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন ৪ হাজার ৯২১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শংকর চন্দ্র ধর পান ৩ হাজার ৭৭৮ ভোট।
অলংকারী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম রুহেল ‘বিদ্রোহী’ ৫ হাজার ৯১১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আবদুল হক ৩ হাজার ৪৪১ ভোট পান।
রামাপাশা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর হোসেন ৫ হাজার ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী আজিজুর রহমান ৪ হাজার ২৫৯ ভোট পান। দৌলতপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আমির আলী ৪ হাজার ৯২২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আরব খান ৪ হাজার ৩২১ ভোট পান। বিশ্বনাথ সদর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ছয়ফুল হক ‘বিদ্রোহী’ ৫ হাজার ৪৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জালাল উদ্দিন ৪ হাজার ১১৯ ভোট পান।
সংসদীয় আসন সিলেট ২-এর (বিশ্বনাথ) বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা। ২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হলে বিশ্বনাথ উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে সরকার ‘গুম’ করেছে এ অভিযোগে প্রায় এক সপ্তাহ টানা হরতাল পালনের মধ্য দিয়ে উত্তপ্ত ছিল বিশ্বনাথ। ইলিয়াস নিখোঁজের চার বছর পর তাঁর এলাকায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দলীয় প্রার্থীদের প্রচারণায়ও ছিল তাঁর নাম। এ নিয়ে ৪ মে প্রথম আলোয় ‘উন্নয়ন’ বনাম ‘ইলিয়াস গুমের প্রতিবাদ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।