বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভায় নেই ইউপি চেয়ারম্যানরা!
সিলেটের বিশ্বনাথে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর প্রথম অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হননি উপজেলার আটজন ইউপি চেয়ারম্যান। সভায় বিষয়বস্তু ছিল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা। বেলা তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভার আগে সকালে অনুষ্ঠিত মাসিক সমন্বয় কমিটির সভায় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন বলে উপজেলা নির্বাহী কর্তকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী। সভায় বত্তব্য দেন থানার পরিদর্শক চান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, জেলা পূজা উদ্যাপন পরিষদের দপ্তর সম্পাদক মানিক লাল দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পিনাক চক্রবর্তী।সভায় উপস্থিত না হওয়া প্রসঙ্গে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, ‘উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার মূল দায়িত্ব হচ্ছে থানা পরিদর্শকের। সেই পরিদর্শকই যখন নিজেকে আওয়ামী লীগের কর্মী মনে করে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেন, আমরা কেমন করে তাঁর উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়া সভায় উপস্থিত হব। আমরা তাই পরিষদের ১১ জন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়ে ওই সভায় উপস্থিত হইনি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জাহেদুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকার দাওয়াত সবাইকে দেওয়া হয়েছে। এ ছাড়া সকালবেলা অনুষ্ঠিত মাসিক সমন্বয় কমিটির সভায়ও তাঁরা উপস্থিত ছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা কমিটির সভায় কেন তাঁরা উপস্থিত হলেন না, তা আমার জানা নেই।’