বিশ্বনাথে ইউএনওসহ ১১ জনকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ (পিআইও) আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) গৌতম ঘোষ গতকাল মঙ্গলবার তাঁদের এই নোটিশ দেন। গতকাল দুপুরে নোটিশ পাওয়ার সত্যতা স্বীকার করে ইউএনও সোনামণি চাকমা জানান, নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে সবাইকে কারণ দর্শাতে বলা হয়েছে। একটি চিঠির মাধ্যমে ইউএনও, উপজেলা প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাবুল হক এবং আরেকটি চিঠির মাধ্যমে উপজেলার আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ নিয়ে চলতি বছরের এপ্রিলের শুরুতে উপজেলা চেয়ারম্যান এবং দুই ভাইস চেয়ারম্যানসহ আট ইউপি চেয়ারম্যানেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গৌছ খান বিএনপি-জামায়াতপন্থী আটজন ইউপি চেয়ারম্যানকে নিয়ে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মুহিবুর রহমানের বিরুদ্ধে অবস্থান নেন। দ্বন্দ্বের জের ধরে গত ২ মে উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবরে ইউএনওর মাধ্যমে অনাস্থা প্রস্তাব পাঠান উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান ও আট ইউপি চেয়ারম্যান। এ ব্যাপারে তদন্তের দায়িত্ব পেয়ে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) গৌতম ঘোষ ২৬ মে প্রথমে উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেন।