বিশ্বনাথে ইলিয়াস আলীবিহীন বিএনপিতে অনৈক্যের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি নিখোঁজ হয়েছেন প্রায় পাঁচ মাস আগে। এখনো তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে তাঁর নামে মুক্তি সংগ্রাম পরিষদ গঠনের জন্য দলীয় নেতা-কর্মীদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। দলীয় পদ-পদবির বাইরে এসে এসব পরিষদ গঠনের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে দলীয় শৃঙ্খলার ওপর।এই ‘তিনি’ হচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ এম ইলিয়াস আলী। ইলিয়াসবিহীন স্থানীয় বিএনপিতে দেখা দিয়েছে অভ্যন্তরীণ কোন্দল। নীরবে একাধিক পক্ষের সৃষ্টি হচ্ছে। ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মুক্তি পরিষদ গঠন, মানববন্ধন আয়োজনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে গিয়ে বিভক্ত হয়ে পড়ছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবদল নেতা বলেন, ‘দলের নেতা নিখোঁজ হয়েছেন। দলীয় ব্যানারেই তাঁর মুক্তির জন্য আন্দোলন করা হবে। কিন্তু তা না করে মুক্তি পরিষদ সৃষ্টি করে করা হচ্ছে আন্দোলন। তাতে সৃষ্টি হচ্ছে একাধিক মতের। এতে দলীয় কর্মকাণ্ড পরিচালনায় ব্যাঘাত ঘটছে।’ইলিয়াস আলীর সন্ধানে আন্দোলন করার লক্ষ্যে সর্বপ্রথম গত ১০ সেপ্টেম্বর গঠন করা হয় ‘বিশ্বনাথ ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ’। উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিনকে আহ্বায়ক ও উপজেলা যুবদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক শামীমুর রহমানকে সদস্যসচিব করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে জেলা বিএনপির সহসভাপতি মোজাহিদ আলী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হাইসহ আরও কয়েকজনকে উপদেষ্টা করা হয়।অন্যদিকে, ১ অক্টোবর উপজেলা যুবদল নেতা নিজাম উদ্দিনকে আহ্বায়ক ও সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্বাছ আলীকে সদস্যসচিব করে ‘বিশ্বনাথ ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ’ নামের পাল্টা কমিটি গঠন করা হয়। যুব সংগ্রাম পরিষদের (মুমিন-শামীম) কমিটি গঠনের পর ২৪ সেপ্টেম্বর বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন পরিষদের নেতারা। কর্মসূচির অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর মানববন্ধন পালন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহসভাপতি সারোয়ার হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হাই। ওই কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনসহ তাঁর অনুসারীরা উপস্থিত ছিলেন না।পরের দিন (২৬ সেপ্টেম্বর) একই স্থানে উপজেলা শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মানববন্ধন পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন। সেখানে আবার উপস্থিত ছিলেন না উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হাইসহ তাঁর অনুসারীরা। এ কারণে দীর্ঘদিন ধরে নিজেদের ভেতরে থাকা কোন্দল প্রকাশ্যে রূপ নেয়।উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হাই জানান, ইলিয়াস আলী নিখোঁজের পর দলীয় কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটার কারণেই ইলিয়াস মুক্তি পরিষদ নামের বিভিন্ন পরিষদের সৃষ্টি হচ্ছে। বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, ‘দলের কার্যক্রম নিজস্ব গতিতেই চলছে। আমাদের মধ্যে কোনো কোন্দল নেই। তবে ব্যক্তিগত সুবিধা-অসুবিধার কারণেই অনেক সময় অনেককেই বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হয়ে উঠে না।’