বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে হামলা-ভাঙচুর
সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গতকাল মঙ্গলবার হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। চেয়ারম্যানের অভিযোগ, স্থানীয় সাংসদের নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান মুহিবুর রহমান তাঁর কার্যালয়ে বসে কাজ করছিলেন। বেলা তিনটার দিকে ৩০-৪০ জন সন্ত্রাসী চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে হামলা চালায়। তারা চেয়ারম্যানের গাড়িটিও ভাঙচুর করে। চেয়ারম্যান শৌচাগারে ঢুকে প্রাণ রক্ষা করেন।মুহিবুর রহমান অভিযোগ করেন, চরচণ্ডী খালের মাটি লুটপাট ও জাহারগাঁওয়ে জুয়ার নামে পরিচালিত কুটিরশিল্প মেলার বিপক্ষে অবস্থান নেওয়ায় আওয়ামী লীগের নেতা নিখিল পাল, সিরাজুল ইসলাম ও ছাত্রলীগের নেতা শামীম আহমদের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালায়। তাঁর ধারণা, সাংসদের নির্দেশেই এ হামলা হয়েছে।সাংসদ শফিকুর রহমান চৌধুরী হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওনার (চেয়ারম্যান) মতো এত ছোটলোক নই যে কাউকে হুকুম দিয়ে ওনার ওপর হামলা চালাব।’বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।