বিশ্বনাথে এক মাসে ১৮টি ট্রান্সফরমার চুরি, ভোগান্তি
সিলেটের বিশ্বনাথে এক মাসে পল্লী বিদ্যুতের ১৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকেরা দুর্ভোগ পোহাচ্ছেন। এর ফলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। ট্রান্সফরমার চুরির সঙ্গে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা জড়িত বলে এলকাবাসী অভিযোগ করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুৎ কার্যালয়ের (পবিস) আওতাধীন বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত ৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে ৮ জানুয়ারি লহরী গ্রামের একটি, ৯ জানুয়ারি পাঠাখইন গ্রামের একটি, ১৩ জানুয়ারি দশঘর গ্রামের একটি, ১৬ জানুয়ারি চান্দশিরকাপন গ্রামের একটি, ১৮ জানুয়ারি ধনপুর-দৌলতপুর গ্রামের একটি, ২২ জানুয়ারি জয়নগর-ভাটপাড়া গ্রামের একটি, ২৪ জানুয়ারি কাদিপুর একটেল টাওয়ার থেকে তিনটি, ৩০ জানুয়ারি রামপাশা ব্রিকফিল্ড থেকে একটি, গুমরাগুল রেলস্টেশন থেকে একটি, ৩১ জানুয়ারি গুমরাগুল-তিলকপুর গ্রামের একটি, শাহজিরগাঁও গ্রামের দুটি, ৩ ফেব্রুয়ারি মৌজপুর গ্রামের দুটি ও ৬ ফেব্রুয়ারি আগ্নপাড়া গ্রাম থেকে দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন, চুরি হওয়ার পর তাঁদের অর্ধেক দাম পরিশোধ করে নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎসংযোগ পেতে হচ্ছে। চুরি বন্ধে পবিসের কর্মকর্তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তবে ইতিমধ্যে অর্ধেক দাম পরিশোধ করে লহরি, দশঘর, চান্দশিরকাপন, ধনপুর ও কাদিপুর একটেল টাওয়ার থেকে চুরি হওয়া সাতটি ট্রান্সফরমার গ্রাহকেরা পুনঃস্থাপন করেছেন। অন্য গ্রামগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পবিসের বিশ্বনাথ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আলম হোসেন বলেন, ‘ট্রান্সফরমার চুরির সঙ্গে পবিসের কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতার অভিযোগ সত্য নয়। ট্রান্সফরমার চুরি রোধ করতে আমরা শিগগিরই পদক্ষেপ নেব।’