বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের প্রতিবাদ সভা, ১৪৪ ধারা জারি
বিশ্বনাথে স্থানীয় সাংসদের ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ আজ বৃহস্পতিবার একই স্থানে পাল্টাপাল্টি প্রতিবাদ সভার ডাক দেওয়ায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে গত মঙ্গলবার উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ দলীয় ১৫ নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আজ বেলা ১২টায় উপজেলা পরিষদ মাঠে সাংসদ শফিকুর রহমান চৌধুরী সম্পর্কে উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁর পদত্যাগের দাবিতে এক সভা ডেকেছে। অন্যদিকে উপজেলা চেয়ারম্যান মুহিবুরের গাড়ি ভাঙচুর ও তাঁর কার্যালয়ে হামলার প্রতিবাদে বেলা দুইটায় একই স্থানে চেয়ারম্যানের অনুসারীরা প্রতিবাদ সভা ডেকেছেন।আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষ একই স্থানে পাল্টাপাল্টি প্রতিবাদ সভার ঘোষণা দেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে উপজেলা পরিষদের ৪০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল গতকাল বুধবার বিকেলে এ নির্দেশ দেন।