বিশ্বনাথে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার বাউসী গ্রামের মাঠে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। ষাঁড়ের লড়াইয়ে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত ৫০ জোড়া ষাঁড় এতে অংশ নেয়। সকাল থেকে ষাঁড়ের লড়াইয়ের পিপাসুরা জড়ো হন লড়াইস্থলে। লড়াইয়ের চূড়ান্ত প্রতিযোগিতায় ‘ডিজিটাল-২’-কে হারিয়ে ‘জয়বাংলা’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।ষাঁড়ের লড়াইয়ে বাহারি নামের ষাঁড় অংশগ্রহণ করে। এগুলো হলো—জয়বাংলা, গুরুদেব, নীলপরি, বাংলার বীর, মহাদেব, ডিজিটাল-২, সিংহরাজ, ব্ল্যাক ডায়মন্ড, কালারচান, সানরাইজ, আলীরাজ, জ্যোৎস্নার ফুল, আনারকলি, পশুরাজ, খুনি, জালিম বাদশা, রাখাল বন্ধু, টেট্টার, লায়ন, টেফরাশাহ্, সমিতাফেকম, লাকিস্টার, স্টার বেঙ্গল, রক্তলাল, বাংলার পাগল, দানব, বুলেট, জলন্ত আগুন, র‌্যাব ইত্যাদি। আয়োজক কমিটির সভাপতি মোশাহিদ আলী বলেন, ‘ষাঁড়ের লড়াই হচ্ছে আমাদের চিরায়ত বাংলার একটি ঐতিহ্য। দীর্ঘদিন ধরে ওই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে আসছি। ভবিষ্যতে এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য সবার সহযোগিতার প্রয়োজন রয়েছে।’ ছাতক উপজেলা থেকে দর্শক আবদুল মুমিন বলেন, ‘ষাঁড়ের লড়াইয়ের খবর শুনে ছুটে এসেছি দেখতে। এখনো যে ষাঁড়ের লড়াই দেখার জন্য মানুষের আগ্রহের কমতি নেই, তার প্রমাণ বিভিন্ন বাড়ির ছাদ ও গাছের ডালে বসা দর্শকেরা।’ যুক্তরাজ্যপ্রবাসী আলী আহমদ খান বলেন, ‘ছোটবেলায় ষাঁড়ের লড়াইয়ের খবর যেখানে পেয়েছি, সেখানেই ছুটে গিয়েছি। কিন্তু দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে ষাঁড়ের লড়াই দেখা হয়নি। বহুদিন পর আজ আবার ষাঁড়ের লড়াই দেখেছি।’ সৌদিপ্রবাসী লুৎফুর রহমান বলেন, ষাঁড়ের লড়াই দেখতে ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য এবার ছুটি নিয়ে দেশে এসেছি। ষাঁড়ের লড়াই দেখতে পেরে খুব ভালো লাগছে। ১১ বছরের আমিনা বেগম জানান, ‘আমি বিছাল মাইড় (ষাঁড়ের লড়াই) দেখার লাগি চাচার লগে আইছি। বিছাল মাইর দেখতে আমার ভালা লাগে।’