বিশ্বনাথে গণগ্রেপ্তারের নামে হয়রানি বন্ধের আহ্বান
সিলেটের বিশ্বনাথে গণগ্রেপ্তারের নামে হয়রানি বন্ধের দাবি জানিয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সংগঠন ‘বাংলাদেশ চেয়ারম্যান সমিতি’। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। গত ২৩ এপ্রিল হরতালে হতাহতের ঘটনায় কয়েক হাজার মানুষের বিরুদ্ধে মামলা করে গণগ্রেপ্তার করে পুলিশ।বাংলাদেশ চেয়ারম্যান সমিতির সভাপতি শেখ মখন মিয়া ও সাধারণ সম্পাদক সৈয়দ মোতাহির আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সারা দেশের মতো বিশ্বনাথেও গণতান্ত্রিক আন্দোলন চলছিল। সেখানে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা নিরীহ জনতার ওপর আক্রমণ করেন। এতে তিনজন মারা যায়। এ ঘটনায় বিশ্বনাথ উপজেলার আটজন ইউপি চেয়ারম্যান ও কয়েক হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করে পুলিশ। আর এই অজুহাতে বিশ্বনাথে গণগ্রেপ্তার শুরু করে পুলিশ।’ বিবৃতিতে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন ও লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।