বিশ্বনাথে গৃহবধূ হত্যার চেষ্টায় জড়িতদের গ্রেপ্তার দাবি
সিলেটের বিশ্বনাথ উপজেলায় গৃহবধূ নাজমা বেগমকে (৪০) হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বাসিলা সেতুতে রোববার এই মানববন্ধন হয়। বিকেল তিনটায় এই মানববন্ধন হয়। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবাসী ছইল মিয়া ফাউন্ডেশনের সহসভাপতি সুন্দর আলী। এতে এ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আহমদ, নজরুল ইসলাম, সদস্য জয়নাল আবেদীন, শফিক উদ্দিন, সেবুল মিয়া, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সদস্য আনহার আলী, ইসতিয়াক, সালেহ আহমদ প্রমুখ বক্তৃতা করেন।সভায় বক্তারা নাজমা বেগমের শরীরে আগুন দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। প্রশাসনের কাছে তাঁরা এই দাবি জানান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর রাত নয়টার দিকে পূর্বশত্রুতার জের ধরে দুষ্কৃতকারীরা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আকদ্দুছ আলীর ঘরে ঢুকে তাঁর স্ত্রী নাজমা বেগমের হাত, পা ও মুখ বেঁধে তাঁর সারা শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।