বিশ্বনাথে গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ
জমি নিয়ে বিরোধের জের ধরে নাজমা বেগম (২৪) নামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গায়ে প্রতিপক্ষের লোকজন আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার ওই গৃহবধূকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাজমার স্বজনেরা জানান, জমি নিয়ে নাজমার স্বামী আকলুছ আলীর সঙ্গে স্থানীয় কিছু লোকের বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন শনিবার রাতে আকলুছের বসতঘরে আগুন দিতে গেলে নাজমা বাধা দেন। এ সময় নাজমার হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে বিশ্বনাথ থানায় রোববার সকালে একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন নাজমার ভাসুর আয়না মিয়া। তবে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ছালেহ রোববার দুপুরে জানান, এ ধরনের কোনো অভিযোগ তাঁর হাতে পৌঁছায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।