বিশ্বনাথে ছাত্রলীগ নেতাসহ ১০ জন কারাগারে
সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়জুল ইসলামসহ ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। হামলা ও হুমকির অভিযোগে যুবদল কর্মী রফিক মিয়ার করা মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
জেলা কারাগারে পাঠানো অপর নয়জন হলেন উপজেলার শাহজিরগাঁও গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মানিক মিয়া, ফয়জুল ইসলামের বাবা একই গ্রামের সোনফর আলী, ভাই নজরুল ইসলাম, কামরুল ইসলাম, আয়না মিয়া, আবদুল খালিক, সাবুল মিয়া, রুপালী মিয়া ও লিটন আহমদ। মামলার আরেক অভিযুক্ত যুক্তরাজ্যপ্রবাসী দুদু মিয়া পলাতক রয়েছেন। গতকাল আসামিরা সিলেটের মুখ্য বিচারিক আদালত-১-এর (দ্রুত বিচার) হাকিম উম্মে শরাবান তহুরার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্তদের পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম ১০ জনকে জেলা কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৫ জুলাই রাতে শাহজিরগাঁও গ্রামে এক বৈঠকে রফিক আলী ও মানিক মিয়া পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে উভয় পক্ষ বিশ্বনাথ থানায় পাল্টাপাল্টি মামলা করে।