বিশ্বনাথে জামায়াতের ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র
সিলেটের বিশ্বনাথে গত ২০ মার্চ হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় উপজেলা জামায়াতের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেলসহ দলটির ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। বিচারক আবুল কাশেম অভিযোগপত্র গ্রহণ করে ১১ এপ্রিল শুনানির তারিখ ধার্য করেছেন। ২০ মার্চ হরতাল চলাকালে বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এতে গোলাম রব্বানী নামের জামায়াতের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। সরকারি সম্পদের ক্ষতি ও নাশকতার চেষ্টার অভিযোগে বিশ্বনাথ থানার উপপরিদর্শক জিয়াউদ্দিন বাদী হয়ে ৩৮ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।মামলার তদন্ত শেষে আসামির তালিকায় থাকা নিহত গোলাম রব্বানীসহ আটজনকে অব্যাহতির সুপারিশ করা হয়। এজাহারভুক্ত ৩০ জনসহ মোট ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমির নিজামউদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি জেনারেল আখতার ফারুক, সহকারী সেক্রেটারি মতিউর রহমান, ফখরুল ইসলাম খানসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত নেতা-কর্মীরা রয়েছেন।