বিশ্বনাথে দোকানভাড়া নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত
সিলেটের বিশ্বনাথে দোকানভাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ব্যবসায়ী, পথচারীসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার অংলকারী ইউনিয়নের পনাউল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ব্যক্তিদের কয়েকজন হলেন—মুহিন মিয়া, আফছর খাঁ, রাজন মিয়া, মর্তুজ আলী, ছালেক মিয়া, রুমন আহমদ, আবদুল মানিক, সিরাজ মিয়া, ফটিক মিয়া, গৌছ আলী, ফজিরুল ইসলাম, মামুন মিয়া, মুক্তাদির হোসেন।জানা গেছে, পনাউল্লা বাজারে প্রীতিরাজ ফ্রুট কর্নার অ্যান্ড সুইটমিট নামে দোকান রয়েছে। দোকানটির মালিক একই ইউনিয়নের বটতলা গ্রামের নাজমুল ইসলাম প্রায় বছর দেড়েক আগে বড় খুরমা গ্রামের কয়েছ মিয়া, আফছর খাঁ, মুহিন মিয়াকে ভাড়া দেন। কয়েক দিন আগে কয়েছ মিয়া ও তাঁর অংশীদারেরা দোকানের মালিক নাজমুল ইসলামকে না জানিয়ে বড় খুরমা গ্রামের ছালেক মিয়ার কাছে দোকানটি ভাড়া দেওয়ার জন্য তাঁর কাছ থেকে অগ্রিম হিসেবে পাঁচ হাজার টাকা নেন। এ নিয়ে ছালেক মিয়া ও কয়েছ মিয়া গংদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত মঙ্গলবার রাত আটটার দিকে পনাউল্লা বাজারে এক সালিস বৈঠক বসে। বৈঠকে ছালেক মিয়া ও কয়েছ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপের ফলে পথচারী, ব্যবসায়ীসহ কমপক্ষে অর্ধশত লোক আহত হন। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) আশেক সুজা বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।