বিশ্বনাথে নিজ বসতঘরে মুখোশধারীদের হামলায় বিধবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে গত শনিবার রাত আটটায় নিজ বসতঘরে মুখোশধারীদের হামলায় এক বিধবা খুন হয়েছেন। উপজেলার টুকেরকান্দি গ্রামে এ ঘটনা সংঘটিত হয়।যুক্তরাজ্য-প্রবাসী মরহুম সমশেদ আলীর দ্বিতীয় স্ত্রী সুরেজা বেগম (৫৫) দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। সুরেজা বেগমের ভাতিজি সুহেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘রাত আটটার দিকে হঠাৎ করে দুজন মুখোশধারী ঘরের মধ্যে প্রবেশ করে। তাদের একজনের হাতে ছিল চাকু, অপরজনের হাতে লোহার পাইপ। দ্বিতীয় ব্যক্তিটি ফুফুকে (সুরেজা) এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। লোকজন আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় ফুফুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুরেজা বেগম চার সন্তানের জননী। তাঁর এক ছেলে ও তিন মেয়ে মরহুম সমশেদ আলীর প্রথম স্ত্রী সৈয়দুন্নেছার সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করছেন। আর দেশের বাড়িতে সুরেজা বেগম একাই বসবাস করেন। কিছুদিন আগে সমশেদ আলীর ছেলে মোহাম্মদ আলী আনছার (৩৫) দেশে চলে আসেন। তিনি সৎমা সুরেজা বেগমের কাছে থাকছেন। এদিকে জায়গা-জমির বিরোধের জের ধরে আনছারের সঙ্গে তাঁর মামা পার্শ্ববর্তী শিমুলতলা গ্রামের আশিক উদ্দিনের মামলা চলছে। এ ছাড়া মামা-ভাগনে একে অপরের বিরুদ্ধে চেক জালিয়াতি ও চুরির মামলা করেছেন। তা ছাড়া আশিক উদ্দিন নিজের ছেলে তাজউদ্দিনের জন্য খুন হওয়া বৃদ্ধার প্রবাসী মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কনেপক্ষ তাতে রাজি না থাকায় বিয়ে হয়নি। তাই এলাকাবাসী সুরেজা বেগম খুন হওয়ার পেছনে আশিক উদ্দিনের হাত থাকতে পারে বলেও ধারণা করছে। এ ব্যাপারে আশিক উদ্দিন বলেন, ‘আমাদের (আশিক-আনছার) মধ্যে মামলা-মোকদ্দমা চলছে ঠিক, কিন্তু সুরেজা বেগম খুন হওয়ার পেছনে আমার কোনো ভূমিকা নেই। আমি ওই সময় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলাম। আমি চাই প্রকৃত খুনিকে পুলিশ খুঁজে বের করুক।’এ ব্যাপারে বিশ্বনাথ থানার পরিদর্শক (প্রশাসন) আবুল কালাম আজাদ বলেন, মামলার প্রস্তুতি চলছে।