বিশ্বনাথে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে বিএনপির নেতাদের সাক্ষাৎ
সিলেটের বিশ্বনাথ উপজেলায় গত ২৩ এপ্রিল হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা। গত বৃহস্পতিবার রাতে তাঁরা নিহত ব্যক্তিদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।বিএনপির নেতারা পরে বিশ্বনাথের রামধানায় ‘নিখোঁজ’ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর গ্রামের বাড়িতে গিয়ে তাঁর মায়ের সঙ্গে দেখা করেন।গত ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী থেকে ইলিয়াস আলী নিখোঁজ হন। এর প্রতিবাদে ২৩ এপ্রিল সারা দেশে হরতালের সময় বিশ্বনাথে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে গুলিতে যুবদলের কর্মী মনোয়ার হোসেন, ছাত্রদলের সেলিম আহমদ ও রিকশাচালক জাকির হোসেন নিহত হন।গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, নগর বিএনপির সভাপতি এম এ হক ও সহসভাপতি বদরুজ্জামান সেলিমসহ জেলা ও নগর বিএনপির অন্য নেতারা বিশ্বনাথ উপজেলায় যান। তাঁরা উপজেলার অলঙ্করী ইউনিয়নে মনোয়ার ও সেলিমের কবর জিয়ারত করে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। রিকশাচালক জাকিরের পরিবার বিশ্বনাথের একটি কলোনিতে ভাড়া থাকত। ২৫ এপ্রিল জাকিরের মৃত্যুর পর তাঁর পরিবার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বলাউরায় চলে যাওয়ায় বিএনপির নেতারা তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।