বিশ্বনাথে পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ তিন বছর শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে তিন বছর ধরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ শূন্য। বর্তমানে এই দপ্তরে আরও ২১টি পদ খালি রয়েছে। এ ছাড়া আজও স্থাপিত হয়নি উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের নিজস্ব কার্যালয়-মালামাল রাখার ভবন। এ অবস্থায় নিত্যদিনের কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর সূত্র জানায়, ২০০৯ সালের ৯ নভেম্বর সর্বশেষ পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম বিশ্বনাথ থেকে বদলি হন। এর পর থেকে ওই পদটি শূন্য। এ ছাড়া দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মোট ৮৮টি পদের মধ্যে বর্তমানে ২২টি পদ শূন্য রয়েছে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদ ছাড়া অন্য শূন্য পদগুলো হলো: তিনটি উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা, চারটি ফার্মাসিস্ট, দুটি পরিবার পরিকল্পনা পরিদর্শক, আটটি পরিবারকল্যাণ সহকারী, একটি অফিস সহকারী ও মুদ্রাক্ষরিক, দুটি নিরাপত্তা প্রহরী এবং একটি আয়া পদ।উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সহকারী মহিতোষ মজুমদার বলেন, নিজস্ব কার্যালয়-মালামাল রাখার ভবন নির্মাণের জন্য ২০১১ সালের ১৩ জানুয়ারি, ২০১২ সালের ২৫ জানুয়ারি ও ১৮ জুলাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এতে কোনো কাজ হচ্ছে না। উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, শূন্য পদগুলো পূরণ ও দপ্তরের নিজস্ব ভবন-মালামাল রাখার ভবন নির্মাণ করা জরুরি। এসব সমস্যার সমাধান হলে কাজের অগ্রগতি হবে।