বিশ্বনাথে পুলিশসহ ৩৬৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে যুবদলের কর্মী মনোয়ার হোসেন (২৮) নিহত হওয়ার ঘটনায় পুলিশ, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ৩৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে গত ২৩ এপ্রিল হরতাল চলাকালে সংঘর্ষে মনোয়ার হোসেন নিহত হন।মনোয়ারের চাচাতো ভাই রইছ আলী বাদী হয়ে গতকাল বুধবার জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের (দ্বিতীয়) আদালতে ওই মামলা করেছেন। মামলার আসামিদের মধ্যে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ, চারজন উপপরিদর্শক (এসআই) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিক লীগের সভাপতি সাধন চন্দ্র দাস, কৃষক লীগের আহ্বায়ক ছোরাব আলী, যুগ্ম আহ্বায়ক প্রভাত বৈদ্য, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রলীগের আহ্বায়ক ফয়জুল ইসলাম ও যুবলীগের আহ্বায়ক মখদ্দুস আলীও রয়েছেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিশ্বনাথ থানা পুলিশকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এজাহারে বাদী উল্লেখ করেন, ২৩ এপ্রিল হরতাল চলাকালে ইলিয়াস আলীর নিজ গ্রাম বিশ্বনাথ উপজেলা সদরে মিছিল বের করা হয়ে। এ সময় মিছিলে অংশগ্রহণকারী মনোয়ারকে পিটিয়ে ও গুলি করে পুলিশ এবং সরকারদলীয় নেতা-কর্মীরা হত্যা করেন। এ ঘটনার পর বিশ্বনাথ থানায় অভিযোগ করলেও পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, লোকমুখে তিনি মামলার খবর শুনেছেন। আদালত যে নির্দেশনা দিয়েছেন, সেভাবেই পুলিশ তদন্ত করবে।