বিশ্বনাথে পোনা ও ডিমওয়ালা মাছ নিধন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় চলতি বর্ষা মৌসুমে মৎস্যজীবীদের পাশাপাশি মৌসুমি মৎস্যশিকারিরা তৎপর হয়ে উঠেছেন। তাঁদের হাতে নিধন হচ্ছে মাছের পোনা, এমনকি ডিমওয়ালা মাছও। উপজেলার বিভিন্ন বাজারেও এসব মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
চলতি বর্ষা মৌসুম শুরু হওয়ার পর বিভিন্ন সময়ে সরেজমিনে দেখা গেছে, মৎস্যজীবী ও মৎস্যশিকারিরা ঠেলা জাল, উড়াল জাল, বেল জাল, চিটকা জালসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে মাছ শিকার করছেন। কোথাও কোথাও কারেন্ট জাল দিয়েও মাছ ধরতে দেখা গেছে।
রাতে আলো জ্বালিয়ে মাছ শিকার করেন চান্দশিরকাপন গ্রামের সাবুল মিয়া। তিনি বলেন, ‘লাইটের আলোতে রাতের বেলা মাছ শিকারের আনন্দই আলাদা। ছোট হোক আর বড় হোক, মাছ শিকারের পর আগ্রহ আরও বেড়ে যায়।’
স্থানীয় মাছ বিক্রেতা আবদুর রহিম, কালা মিয়া এবং ইউনুছ আলী বলেন, ‘এখন আর আগের মতো দেশি ছোট মাছ পাওয়া যায় না। আর পাওয়া গেলেও বেশি দামে আমাদের কিনতে হয়। তবে বর্ষা মৌসুম এলে গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় ছোট মাছ পাওয়া যায়।’
কারেন্ট জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক বলেন, মৎস্যজীবী ও মৎস্যশিকারিদের পোনা কিংবা ডিমওয়ালা মা-মাছ শিকার না করার জন্য নিয়মিত অবহিত করা হচ্ছে।