বিশ্বনাথে প্রধান সড়কের পাশে আবর্জনার স্তূপ

সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের রামপাশা রোডের সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড এলাকায় প্রধান সড়কের পাশেই ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। প্রশাসন সড়কের পাশে এসব ফেলতে বাধা দিচ্ছে না। এমনকি এসব অপসারণেও কোনো উদ্যোগ নিচ্ছে না। এ অবস্থায় সড়কের এই স্থান দিয়ে নাক-মুখ চেপে এবং উৎকট দুর্গন্ধ সহ্য করেই পথচারী ও যাত্রীদের চলাচল করতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের অটোরিকশার স্ট্যান্ড এলাকায় ব্যাংক, বিমা, বিপণিবিতান, যানবাহনের স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ অসংখ্য স্থাপনা অবস্থিত। সেই এলাকার প্রধান সড়ক ঘেঁষেই স্থানীয় লোকজন প্রকাশ্যেই পরিত্যক্ত প্লাস্টিক, বোতল, রেস্তোরাঁর বাসি খাবারসহ নানা ধরনের ময়লা-আবর্জনা ফেলছে।
উপজেলা সদরের তিনজন বাসিন্দা জানান, উপজেলা সদরে আবর্জনা ফেলার কোনো আস্তাকুঁড় নেই। এ কারণে উপজেলা শহরের তিন শ থেকে চার শ ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ ও বাসাবাড়ির লোকজন ময়লা-আবর্জনা যত্রতত্র এবং অটোরিকশা স্ট্যান্ড এলাকায় ফেলছে। তবে এসব অপসারণে উপজেলা প্রশাসন কিংবা স্থানীয় বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ থেকেও কোনো উদ্যোগ নেওয়া হয় না।
আইনুল মিয়া নামের এক পথচারী বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে, কিন্তু উৎকট দুর্গন্ধ উপেক্ষা করে পথ চলা দায় হয়ে পড়ে। এ ছাড়া সামান্য বৃষ্টি হলে আবর্জনা মূল সড়কে এসে পড়ে। সেসব ময়লা পায়ে লেগে পথচারীদের কাপড় নষ্ট হয়।
সিএনজি অটোরিকশার যাত্রী মাহতাব উদ্দিন বলেন, যেখানে আবর্জনা ফেলা হয়, এর পাশে একটি অটোরকিশা স্ট্যান্ডও রয়েছে। তাই অনেক যাত্রী এখানে উঠানামা করেন। এসব যাত্রীর কথা ভেবে এখানে একটি আস্তাকুঁড় নির্মাণের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বিশ্বনাথ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ বলেন, ‘আবর্জনা অপসারণে ব্যবস্থা নেওয়ার জন্য মৌখিকভাবে স্থানীয় প্রশাসনকে আমরা অসংখ্যবার জানিয়েছি। প্রশাসন সেটি না করায় সমিতির পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় এসব আবর্জনা অপসারণ করেছি। ময়লা সড়কের পাশের নর্দমাতে ফেলে দেওয়ায় পানি সরবরাহের পথও বন্ধ হয়ে গেছে। এ ছাড়া এ সড়ক দিয়ে প্রতিদিন দুর্গন্ধ সহ্য করে অন্য পথচারীরদের মতো অনেক শিক্ষার্থীকেও যাতায়াত করতে হয়।’
বিশ্বনাথের ইউএনও অমিতাভ পরাগ তালুকদার বলেন, ‘বিশ্বনাথ সদরটি পৌরসভা নয়। তাই অন্যান্য পৌর শহরের মতো এখানে আবর্জনা অপসারণে প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো ব্যবস্থা নেই। তবে আবর্জনা নিয়মিত অপসারণের জন্য আমরা কিছু পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের পরিকল্পনা এরই মধ্যে করেছি। শিগগিরই এখানে একটি আস্তাকুঁড় স্থাপনের জন্য খাস জায়গার সন্ধান করা হচ্ছে।’