বিশ্বনাথে বন্যার কারণে আট বিদ্যালয় বন্ধ
বন্যার কারণে সিলেটের বিশ্বনাথ উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণের কারণে দিন দিন বেড়ে চলছে নদী-নালা ও খাল-বিলের পানি।পাঠদান বন্ধ থাকা বিদ্যালয়গুলো হলো সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিগ্রাম এস এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগৎপুর-নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধরারাই রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও উলুপাড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মজলিসপুর রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী আসছে না।উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পাঠদান বন্ধ থাকা বিদ্যালয়গুলোর মধ্যে ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে ১০টি পরিবার আশ্রয় নিয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নেছাওর আলী বলেন, পানি অব্যাহতভাবে বাড়তে থাকলে আরও কয়েকটি বিদ্যালয়ে পাঠদান বন্ধ হতে পারে।