বিশ্বনাথে বর-কনে পক্ষের সংঘর্ষে ছয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় গতকাল বৃহস্পতিবার বর ও কনেপক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। পুলিশ বরপক্ষের একজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের অনুষ্ঠানে ধাক্কাধাক্কিতে বরপক্ষের রাসেল আহমদের মুঠোফোন মাটিতে পড়ে যায়। এ নিয়ে কনেপক্ষের সালেহ আহমদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। এরই জের ধরে কনেপক্ষের লোকজন দল বেঁধে বরপক্ষের মাসুক মিয়া ও বাহার উদ্দিনকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন কনেপক্ষের সালেহ আহমদ, জুনাব আলী, নাজিম উদ্দিন, সুজন মিয়া; বরপক্ষের মাসুক মিয়া, বাহার উদ্দিন। গুরুতর আহতাবস্থায় মাসুক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আহাদ জানান, বরপক্ষের রাসেলকে আটক করা হয়েছে। বিষয়টি আপস-মীমাংসা করতে এলাকার মুরব্বিরা উদ্যোগ নিয়েছেন।