বিশ্বনাথে বিএনপি ও জামায়াতের ৬০০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গত বছরের এপ্রিলে সিলেটের বিশ্বনাথে হরতাল চলাকালে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। দুই মামলায় বিএনপি ও জামায়াত এবং দল দুটির অঙ্গ সংগঠনের প্রায় ৬০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
গত সোমবার ওই দুটি মামলার তদন্ত কর্মকর্তা ও বিশ্বনাথ থানার দুই উপপরিদর্শক (এসআই) আবুল কালাম ও শাহাজ মিয়া সিলেটের মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দুই মামলার অভিযোগপত্রভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির উপজেলা শাখার সভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি শফিক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক গৌছ খান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, যুগ্ম সম্পাদক লিলু মিয়া, আবদুল হাই ও নাজমুল ইসলাম, জামায়াতের উপজেলা শাখার আমির আবদুল কাইয়ুম, নায়েবে আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম খান, যুবদলের উপজেলা শাখার আহ্বায়ক আহমেদ নূর উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক কাওছার খান, যুগ্ম আহ্বায়ক জোয়াদ মিয়া, ছাত্রদলের উপজেলা শাখার আহ্বায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ প্রমুখ। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। ২৩ এপ্রিল তাঁর সন্ধানের দাবিতে হরতাল চলাকালে বিশ্বনাথে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে যুবদলের নেতা মনোয়ার হোসেন, ছাত্রদলের নেতা সেলিম আহমদ এবং রিকশাচালক জাকির হোসেন নিহত হন। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ সরকারি একাধিক কার্যালয়ে ভাঙচুর চালান এবং অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় বিশ্বনাথ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) দেবদুলাল এবং ইউএনওর তৎকালীন গাড়ির চালক ইসলাম উদ্দিন বাদী হয়ে দুটি মামলা করেন। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিরপরাধ কোনো ব্যক্তিকে যাতে মামলায় না জড়ানো হয়, সেদিকে লক্ষ্য রেখে তদন্ত করায় অভিযোগপত্র দাখিল করতে একটু বেশি সময় লেগেছে।