বিশ্বনাথে বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্নির্মিত ভবনটির ছাদের পলেস্তারা ও ঢালাই খসে পড়ছে। ফাটল ধরেছে দেয়ালের একাধিক স্থানে। এর পরও ঝুঁকি নিয়ে এ ভবনে পাঠদান কার্যক্রম চলছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি ভূমিকম্পের কারণে এ আতঙ্ক বেড়ে গেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ১৯৫৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা ১২৬ জন। ১৯৯৬ সালে ইসলামি উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় বিদ্যালয়ে ৬২ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের ভবনটি পুনর্নির্মাণ করা হয়। ভবন নির্মাণের কয়েক বছর পরই এর ছাদ ও দেয়ালে ফাটল দেখা দেয়। সঙ্গে সঙ্গেই বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে ২০১৩ সালের ১৮ মার্চ ও ২০১৪ সালের ২ এপ্রিল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ করার দাবিতে ইউএনও, শিক্ষা কর্মকর্তা, প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেন স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বলেন, ‘বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকির মধ্যেই আমাদের পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। দিন দিন যেভাবে ছাদের বিভিন্ন অংশ ধসে পড়ছে, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। এ নিয়ে অভিভাবকদেরও ভয়ের শেষ নেই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি গোলাম হোসেন বলেন, বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। অনেক শীর্ষ কর্মকর্তাও বিদ্যালয় পরিদর্শন করেছেন। কিন্তু এরপর কেউ কার্যকর কোনো পদক্ষেপ নেননি। উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ জানান, ঝুঁকিপূর্ণ ভবন থাকা বিদ্যালয়গুলোর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে ভবনগুলোর সংস্কার ও নির্মাণকাজ শুরু হবে।