বিশ্বনাথে বড় টাকার জাল নোট ছড়িয়ে পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাত্র শুরু হয়েছে। ঈদের এখনো অনেক দেরি। কিন্তু এরই মধ্যে ঈদকে লক্ষ্য করে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সক্রিয় হয়ে উঠেছে একটি চক্র। এ চক্র প্রতিবছরই ঈদের আগে আগে ‘বড় টাকার জাল (নকল) নোট’-এর কারবার করে। আর এদের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির কমিশনার নাঈম আহমদ গতকাল শুক্রবার বলেন, ‘প্রবাসী-অধ্যুষিত উপজেলা হিসেবে বিশ্বনাথে জাল নোটের ছড়াছড়ি অন্য উপজেলার চেয়ে বেশি। প্রতিবছরই ঈদের সময় এ ধরনের নোটের ছড়াছড়ি থাকে বিশ্বনাথে। তবে এবার মনে হচ্ছে আগেভাগেই চক্রটি সক্রিয় হয়ে উঠেছে। তিন-চার দিন আগেই আমার দোকানে এক হাজার টাকার একটি জাল নোট পড়েছিল। পরে নিজের ক্ষতি স্বীকার করে আমি সেটা জ্বালিয়ে ফেলেছি।’অটোরিকশাচালক মাসুক মিয়া বলেন, ‘তাড়াহুড়ার মধ্যে আমাদেরও খেয়াল থাকে না। পরে জাল নোট পেয়ে দুর্ভোগ পোহাতে হয়। তাড়াহুড়ার সুযোগে আমাদের ঘাড়ে জাল নোট দিয়ে চলে যায়। আর ক্ষতিগ্রস্ত হই আমরা গরিবেরা।’ মৎস্য ব্যবসায়ী তোরণ আলী বলেন, ‘বাজারে যখন ক্রেতাদের উপস্থিতি বেশি থাকে, তখনই জাল নোটের আদান-প্রদান বেশি হয়। কারণ তাড়াহুড়ায় আমরা খেয়াল করতে পারি না। এতে অনেক দিন আমাদের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়ে যায়।’