বিশ্বনাথে বয়স্ক ভাতা পাচ্ছেন না সত্তরোর্ধ্ব শামসুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের শরিষপুর গ্রামের বাসিন্দা শামসুদ্দিনের বয়স ৭২ বছর। কিন্তু জাতীয় পরিচয়পত্রে ভুল জন্মতারিখ ছাপা হওয়ায় তাঁর সরকার স্বীকৃত বয়স দাঁড়িয়েছে ৩৪ বছর ৯ মাস। আর এই একটি ভুলের কারণে তিনি বঞ্চিত হচ্ছেন বয়সড় ভাতা থেকে।জানা গেছে, জাতীয় পরিচয়পত্রে শামসুদ্দিনের জন্মতারিখ উল্লেখ করা হয়েছে ১০ মার্চ, ১৯৭৬। সে অনুযায়ী তাঁর বয়স ৩৪ বছর ৯ মাস। শামসুদ্দিন তাঁর জন্মতারিখ নির্দিষ্ট করে বলতে না পারলেও তিনি জানিয়েছেন, তাঁর বয়স ৭২ বছরের কম হবে না। জাতীয় পরিচয়পত্র তৈরির কাজে নিয়োজিত তথ্যসংগ্রহকারী তাঁর পরিচয়পত্রে ভুল তথ্য দেওয়ায় এ বিপত্তি হয়েছে বলে তিনি দাবি করেন।শামসুদ্দিন জানান, আগে তিনি ঠেলাগাড়ি চালিয়ে সংসার চালাতেন। কিন্তু বয়সের ভারে শারীরিক শক্তি হারিয়ে এখন আর তা করতে পারেন না। ছয় সদস্যের পরিবারটি চালাচ্ছেন তাঁর স্বামী পরিত্যক্তা মেয়ে তাসলিমা বেগম। মানুষের বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে তাসলিমা বেগম ভাই-বোন ও বৃদ্ধ মা-বাবার মুখে অন্ন জোগাচ্ছেন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শামসুদ্দিন কেঁদে বলেন, কর্তৃপক্ষের ভুলের কারণে তিনি বয়স্ক ভাতা পাচ্ছেন না। তিনি বলেন, ‘এ ভুল তো আমার নয়। অফিসের "দ্বারে দ্বারে ঘুরেও আমি এর প্রতিকার পাইনি।’ বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, শামসুদ্দিন যোগাযোগ করলে তিনি তাঁর জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের ব্যবস্থা করবেন। বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মোন্তাকিম বলেন, ‘আইডি কার্ড ছাড়া বয়স্ক ভাতা দেওয়ার ক্ষেত্রে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিষেধ থাকায় তাঁকে ভাতা দেওয়া হচ্ছে না।’উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান বলেন, আগে ইউপি চেয়ারম্যানরা জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে জন্মনিবন্ধকার্ড দিয়ে নির্ধারিত ৬৫ বছরের কম বয়সীদেরও ভাতা দিতেন বলে তাঁদের কাছে অভিযোগ এসেছে। এতে প্রকৃত দাবিদারেরা বঞ্চিত হয়েছেন। তাই জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে ভাতা না দেওয়ার জন্য সমাজসেবা কর্মকর্তাকে বলা হয়েছে। তবে সামসুদ্দিনের মতো প্রকৃত দাবিদারদের বঞ্চিত করা হবে না।