বিশ্বনাথে ভূমি অফিসে হামলায় সহকারী কমিশনারসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলা ভূমি অফিসে গতকাল সোমবার একদল ব্যক্তির হামলায় উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) চারজন আহত হয়েছেন। হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরুফ খানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।হামলায় আহত ব্যক্তিরা হলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী মোয়াজ্জেম আহমদ, ভূমি অফিসের প্রধান সহকারী অরুণ জ্যোতি পুরকায়স্থ, নাজির চন্দন লাল রায় ও পিয়ন আবদুল খালিক। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।মোয়াজ্জেম আহমদ বলেন, বিকেলে তাঁর কার্যালয়ে ভূমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের শুনানি ছিল। শুনানি চলাকালে তিনি দুই পক্ষ ছাড়া অন্যদের বাইরে চলে যেতে বলেন। শুনানি শেষ হওয়ার পর হরুফ খান নামের এক ব্যক্তি তাঁর কার্যালয়ে প্রবেশ করে নিজেকে উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরিচয় দিতে জানতে চান, তাঁকে কেন বের হতে বলেছি। একপর্যায়ে তাঁর নির্দেশে ১৫-২০ জন ব্যক্তি তাঁর ও অফিসের আরও কয়েকজন কর্মকর্তার ওপর হামলা চালায়।উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের দাবি, হামলায় দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ আওয়ামী লীগের ১৫-২০ নেতা-কর্মী অংশ নিয়েছেন।হরুফ খান বলেন, সহকারী কমিশনার তাঁর কাছে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। একপর্যায়ে সহকারী কমিশনার তাঁকে কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। ঘুষ চাওয়া নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। এ সময় ঘুষ দাবির কথা শুনে বাইরের লোকজন তাঁদের কিছু ‘উত্তম মধ্যম’ দিয়েছে। তাঁর দাবি, তিনি হামলার সঙ্গে জড়িত নন।সিরাজুল ইসলামেরও দাবি, তিনিও হামলার সঙ্গে জড়িত নন। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা মামুন বলেন, এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী মোয়াজ্জেম আহমদ নয়জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমদ বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁদের সিদ্ধান্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।