বিশ্বনাথে যুবক অপহরণ মুক্তিপণ দিয়ে উদ্ধার
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহরণের সাত ঘণ্টা পর জাকির হোসেন (১৯) নামের এক যুবককে উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা সদরের আল-বুরাক শপিং সিটির ‘দিদার কালেকশনের’ প্রোপাইটর হাফজা বেগমের ছেলে জাকির পড়াশোনার পাশাপাশি মায়ের ব্যবসা দেখাশোনা করছেন। রোববার রাত আটটার দিকে বাড়ির সামনে থেকে তাঁকে অপহরণ করা হয়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাঁকে উদ্ধার করতে পারেনি। পরে রাত সাড়ে তিনটার দিকে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার গড়গড়ি এলাকা থেকে তাঁকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা।জাকির হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে জানান, সন্ধ্যার পর তিনি বাসায় পড়াশোনা করছিলেন। রাত আটটায় তাঁর সেলফোনে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, খেলার একটি পোস্টার দেওয়ার জন্য তাঁরা এসেছেন, তাই একটু বাইরে বের হতে হবে। পরে তিনি তাঁদের দোকানের বিক্রয় প্রতিনিধি কামাল মিয়াকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন। এ সময় আরও একটি কল আসে। তখন বলা হয় বাসার পাশে সিতারা ফিলিং স্টেশনের সামনে যাওয়ার জন্য। সেখানে যাওয়ার পর হঠাৎ একটি কালো রঙের লাইটেস গাড়ি এসে হাজির হয়। পরে গাড়ি থেকে চার-পাঁচজন মুখোশ পরা লোক বাইরে এসে কামাল মিয়াকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাঁকে (জাকির) গাড়িতে তুলে নিয়ে চলে যায়। জাকির বলেন, গাড়িতে ওঠার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর দেখেন, তিনি একটি হাওরের মধ্যে। পাশে মুখোশধারী ব্যক্তিরা দাঁড়িয়ে। জাকিরের মা হাফজা বেগম বলেন, জাকিরকে অপহরণের ঘণ্টা দুয়েক পর তাঁর সেলফোনে একটি কল আসে। অপহরণকারীরা জানায়, পাঁচ লাখ টাকা দিলে জাকিরকে ছেড়ে দেওয়া হবে। অপহরণকারীদের কথামতো জাকিরের আত্মীয় আবদুল কাদির রাত তিনটার দিকে জগন্নাথপুরের শারপাড়ায় গিয়ে অপহরণকারীদের হাতে পাঁচ লাখ টাকা তুলে দেন। এর প্রায় আধা ঘণ্টা পর অপহরণকারীরা গড়গড়ি এলাকায় জাকিরকে ছেড়ে দেয়। আবদুল কাদির বলেন, ‘টাকা দেওয়ার সময় অপহরণকারীরা মুখোশ পরে থাকায় তাদের চিনতে পারিনি।’বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) চান মিয়া জানান, পুলিশ অপহরণের খবর পেয়ে জাকিরকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু কোথাও পায়নি। এরই মধ্যে গভীর রাতে জাকিরের পরিবার জানায়, মুক্তিপণ দিয়ে জাকিরকে উদ্ধার করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করা হয়নি।