বিশ্বনাথে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে পূর্বশত্রুতার জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে ওলিউর রহমান ওরফে আবদুল জলিল (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। জলিলের বাড়ি উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের তাজউদ্দিনকে (৫০) আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল সকালে মাঠে কাজ করছিলেন জলিল। এ সময় একই গ্রামের দুই যুবক কথা আছে বলে তাঁকে মাঠ থেকে উঠে আসতে বলে। জলিল তাদের কাছে গেলে তারা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে জলিল মারা যান। জলিলের বাবা সুনর আলী বলেন, জলিলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, জলিলের আয় দিয়েই তাঁদের সংসার চলত। এখন তাঁরা বিপদে পড়ে গেছেন। স্থানীয় ইউপির সদস্য কাছা মিয়া বলেন, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।