বিশ্বনাথে শ্বশুরবাড়ি বেড়াতে এসে যুবক জখম, পরে মৃত্যু
সিলেটের বিশ্বনাথ উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে রুস্তম আলী নামে এক যুবক গুরুতর জখম হওয়ার পর হাসপাতালে মারা গেছেন। সত্ শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজন রুস্তমকে ধারালো অস্ত্রের মাধ্যমে গুরুতর জখম করার পর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে রুস্তমের ভাই আব্বাস আলী বেপারী বিশ্বনাথ থানায় একটি মামলা করেছেন। রুস্তমের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হাওলাকান্দি গ্রামে। মামলার আসামিরা হলেন রুস্তমের সত্ শাশুড়ি সায়েরা বেগম, তাঁর স্বামী মিছবাহ উদ্দিন, রশু তরফদার ও রুস্তমের স্ত্রী ছালেহা বেগম। মিছবাহ উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এজাহারে বাদী উল্লেখ করেন, পূর্বপরিচয়ের সূত্রে রুস্তম আলীকে ভালোবেসে বিয়ে করেন বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের মৃত বাখের চৌধুরীর মেয়ে সালেহা বেগম। বিয়ের পর থেকে তাঁরা সিলেট শহরের আরামবাগ এলাকায় বাস করছিলেন। সম্প্রতি সায়েরা বেগম যুক্তরাজ্য থেকে দেশে ফিরে রুস্তমের বাসায় বেড়াতে যান। এ সময় সায়েরা বেগম ১০ লাখ টাকা দিলে রুস্তমকে যুক্তরাজ্যে নেবেন বলে জানান। রুস্তম সায়েরাকে পাঁচ লাখ টাকা দেন। সায়েরার দাওয়াত পেয়ে রুস্তম ও ছালেহা গত ৮ মার্চ বিশ্বনাথে বেড়াতে যান। সেখানে রাত ১২টা থেকে দুইটার মধ্যে উল্লিখিত আসামিরা ধারালো অস্ত্র দিয়ে রুস্তমকে গুরুতর আহত করেন। এরপর রুস্তমকে নিয়ে তাঁরা সিলেটে যান। রাত আড়াইটার দিকে মোবাইল ফোনের মাধ্যমে তাঁরা আব্বাস আলী বেপারীকে শাহী ঈদগাহে আসতে বলেন। আব্বাস আলী গিয়ে একটি গাড়িতে রুস্তমকে মুমূর্ষু অবস্থায় পান। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে রুস্তম মারা যান। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, সায়েরা বেগম সত্ মেয়ে ছালেহার বিয়ে মেনে না নিতে এ ঘটনা ঘটান বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।