বিশ্বনাথে সংঘর্ষে দুজন নিহত গুলিবিদ্ধসহ আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার সিঙ্গেরকাছ বাজারে পূর্ববিরোধের জের ধরে গতকাল শনিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দুজনই এক পক্ষের। তাঁরা হচ্ছেন আবদুন নূর (৫৫) ও আবদুল খালিক (৫৭)। সংঘর্ষে উভয় পক্ষে বন্দুকের ছররা গুলিবিনিময় হয়। এ ঘটনায় সাতজন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, সিঙ্গেরকাছের পশ্চিমগাঁওয়ের আবদুল মনাফ ও মো. আবারক আলীর মধ্যে মামলা নিয়ে পূর্ববিরোধ ছিল। বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গত ২২ এপ্রিল উপজেলা কমপ্লেক্স ঘেরাও করে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা মামলায় অভিযুক্ত হন আবারক আলী। এতে আবারক আলী মনে করেন, তাঁকে আবদুল মনাফের পক্ষের লোকজনই মামলায় জড়িয়ে আসামি করেছেন। মামলায় আসামি হওয়ার জের ধরে গত ৯ জুন আবারক আলীর লোকজন বাড়ি ফেরার পথে আজমান আলীর ওপর হামলা করেন। এর পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গতকাল সকালে সিঙ্গেরকাছ বাজারে উভয় পক্ষ সশস্ত্র মহড়া দেয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তিরা হচ্ছেন আবারক আলী পক্ষের আবদুর রহমান (৪০) ও আয়াছ উদ্দিন (৩৫) এবং আবদুল মনাফের পক্ষের নোয়াব আলী (৪০), নোয়াব আলী (৩০), কাছা মিয়া (৩৪), সোহেল মিয়া (৩০) ও আবদুল লতিফ (৪০)। এই সাতজন ও তিনজন নারীসহ আহত ২৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধা ঘণ্টাব্যাপী সশস্ত্র মহড়া দিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পাল্টাপাল্টি বন্দুকের ছররা গুলিবিনিময় হয়। আবদুন নূর ও আবদুল খালিক প্রতিপক্ষের বেধড়ক পিটুনি ও বন্দুকের ছররা গুলি বিদ্ধ হয়ে মারা যান। সংঘর্ষের শেষ পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিঙ্গেরকাছ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন অভিযোগ করেন, সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনা বিশ্বনাথ থানায় জানানো হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যায়নি। পুলিশ থাকলে সংঘর্ষ হতো না এবং হতাহত এড়ানো যেত। তবে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশকে আগে কেউ জানায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা সম্পর্কে দুই পক্ষ পাল্টাপাল্টি বক্তব্য দেয়।আবারক আলী বলেন, ‘আমাকে হত্যা করার জন্য মনাফ বাজারে প্রথমেই আমাদের ওপর হামলা করে। আমাকে বাঁচাতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে।’ অপরদিকে হাজি আবদুল মনাফ বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে আবারকের সন্ত্রাসী বাহিনী আমাদের পক্ষের এক ব্যক্তিকে মারধর করে। সকালে আরও দুজনকে মারধর করে। এর প্রতিবাদ করলে তারা আমাদের ওপর হামলা করে। আমাদের ফাঁসাতে দুজনকে আবারক হত্যা করেছেন।’ বিশ্বনাথ থানার ওসি বিকেলে জানান, এ ঘটনায় দুই পক্ষের কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে দুজন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।