বিশ্বনাথে হত্যা মামলায় চার সহোদরসহ সাতজনের যাবজ্জীবন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় আবদুল লতিফ হত্যা মামলার রায়ে চার সহোদরসহ সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও চার বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গতকাল রোববার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) ও বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর ভারপ্রাপ্ত বিচারক মো. বেলায়েত হোসেন এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন, বিশ্বনাথ উপজেলার পূর্বপাড়া নোয়াগাঁওয়ের চার সহোদর ছাদ মিয়া, আখলু মিয়া, আলমাছ মিয়া, ময়না মিয়া ও একই গ্রামের ফারুক মিয়া, আবদুর রশিদ ও আবদুর নূর। তাঁদের মধ্যে ময়না ও ফারুক পলাতক। মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে পূর্বপাড়া নোয়াগাঁওয়ের মো. আবুল কালামের ছেলে আবদুল লতিফ (২২) ২০০৪ সালের ১৯ ডিসেম্বর রাতে বসতঘরের পাশে খুন হন। এ ঘটনায় লতিফের ভাই আবদুল মতিন পরদিন বিশ্বনাথ থানায় হত্যা মামলা করেন। ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত ওই রায় দেন।