বিশ্বনাথে হোল্ডিং ট্যাক্স বকেয়া
আদায়ের পদক্ষেপ না নেওয়ায় সিলেটের বিশ্বনাথে হোল্ডিং ট্যাক্স বকেয়া পড়ে আছে। আর কর আদায় না হওয়ায় দিন দিন আয় কমে যাচ্ছে ইউনিয়ন পরিষদগুলোর। আর্থিক সংকটে কাজেও গতি আসছে না।অভিযোগ রয়েছে, বিগত সময়ে নির্বাচনে ভোটের ক্ষেত্রে প্রভাব পড়ার কথা চিন্তা করে হোল্ডিং ট্যাক্স আদায় করা থেকে বিরত থেকেছেন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। জনসাধারণের কাছে গত চার-পাঁচ বছরের কর বকেয়া পড়ে থাকার এটি অন্যতম কারণ। অথচ ওই কর নিয়মিত আদায় করা হলে জনসাধারণের জন্য উন্নয়নমূলক কাজ করা সম্ভব হতো বলেও কয়েকজন মন্তব্য করেছেন।গত বছরের ২৮ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর ২৪ আগস্ট শপথ গ্রহণ করেন নির্বাচিত চেয়ারম্যানরা। উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটির নির্বাচনে ছয়টি ইউনিয়ন পরিষদেই আসেন নতুন চেয়ারম্যান। জনবলসংকট আর কর পরিশোধে জনসাধারণের অবহেলার কারণে নিয়মিত আয় থেকে বঞ্চিত হচ্ছে পরিষদগুলো।রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের সময় দেড় লাখ টাকার ঋণের বোঝা থাকলেও পরিষদের অ্যাকাউন্টে জমা ছিল মাত্র ৬৮ টাকা। হোল্ডিং ট্যাক্স আদায় না করার কারণেই এমনটি হয়েছে।’ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান নির্বাচনে প্রভাব পড়তে পারে—এই ভয়ে কর আদায় থেকে বিরত ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, কর আদায় করতে গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটলেও আগের চেয়ে আদায়ের পরিমাণ বাড়ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনামণি চাকমা বলেন, হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য বারবার ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানদের বলা হচ্ছে। কিন্তু অনেকেই তা আদায় করতে পারছেন না।