বিশ্বনাথে ৬ গ্রামের বাসিন্দাদের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০০
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ছয়টি গ্রামের বাসিন্দাদের বিভক্ত দুটি পক্ষের মধ্যে গত শুক্রবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা বিশৃঙ্খলা ঠেকাতে ৫৭টি রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের বাসিন্দা আছকর আলী কেশবপুর গ্রামের শাহিন আহমদের কাছে পাঁচ হাজার টাকা পেতেন। শুক্রবার রাত আটটার দিকে লামাকাজী বাজারে একটি রেস্তোরাঁর সামনে পাওনা টাকা নিয়ে আছকর ও শাহিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় ওই রেস্তোরাঁর মালিকের চাচাতো ভাই রাসেলের মধ্যস্থতায় হাতাহাতি বন্ধ হয়। তবে রাসেল মধ্যস্থতা করায় মির্জারগাঁও গ্রামের কিছু বাসিন্দা ওই রেস্তোরাঁয় ভাঙচুর চালায়। পরে শাহিনের পক্ষ নিয়ে কেশবপুর, সাঙ্গিরাই, মোল্লারগাঁও, কাজিরগাঁও ও দোকানিপাড়া গ্রামের বাসিন্দারা মির্জারগাঁও গ্রামের বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা সংঘর্ষ চলে। এ সময় তিনটি অটোরিকশা, একটি মোটরসাইকেলসহ অর্ধশতাধিক দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ৫৭টি রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। তাঁদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।