বিশ্বনাথের একটি স্কুলেও চারু ও কারুর শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিশ্বনাথ উপজেলায় ২৯টি মাধ্যমিক ও তিনটি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের একটিতেও চারু ও কারুকলার শিক্ষক নেই।

গত শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) স্তরে বিষয়টি আবশ্যিক করা হয়েছে। ৫০ নম্বরের এ বিষয়ের অর্ধেক নম্বর রয়েছে অঙ্কনে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান জনবল কাঠামো অনুযায়ী চারু ও কারুকলা বিষয় অন্তর্ভুক্ত না থাকায় এ বিষয়ে শিগগির কোনো শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না।

নিয়ম অনুযায়ী নতুন বিষয়ের কোনো শিক্ষককে এমপিওভুক্ত করতে হলে শিক্ষা, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। তবে পাঠদান বাধাগ্রস্ত না হওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাংলা শিক্ষকদের পর্যায়ক্রমে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসাইন জানিয়েছেন।

ওই কর্মকর্তা আরও জানান, সদ্যসমাপ্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার দুই হাজার ৪০০ পরীক্ষার্থী। এ বছর অষ্টম শ্রেণিতে উঠবে দুই হাজার ৮০০ জন, সপ্তম শ্রেণিতে তিন হাজার ৪০০ ও ষষ্ঠ শ্রেণিতে তিন হাজার ৫০০ শিক্ষার্থী।

বিদ্যালয়গুলোতে চারু ও কারুকলার শিক্ষক না থাকায় সদ্যসমাপ্ত জেএসসি পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

দেওকলস দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুকিদ বলেন, চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নিয়োগ না দিয়ে বিষয়টি আবশ্যিক করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা চিন্তায় পড়েছেন। পাঠদান করানোর ক্ষেত্রে শিক্ষকদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে।

হাজী মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নেহারুন নেছা বলেন, চারু ও কারুকলার শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পড়ানো কঠিন হয়ে পড়েছে। তাদের কথা চিন্তা করে শিগগির এ বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া দরকার।