বিশ্বনাথের ছয় ইউপি চেয়ারম্যানকে বরখাস্তে স্থগিতাদেশ বহাল
সিলেটের বিশ্বনাথ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সাময়িক বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টের আদেশ স্থগিত হয়নি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে হাইকোর্টের এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।১ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (ইউনিয়ন পরিষদ-১ অধিশাখা) উপসচিব স্বাক্ষরিত পৃথক স্মারকে বিশ্বনাথ উপজেলার সাতটি ইউপির চেয়ারম্যানদের সাময়িক বরখাস্ত করা হয়। এর সূত্র ধরে ২ জুলাই বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পৃথক নোটিশে চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে ওই চেয়ারম্যানদের সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যান-১-এর কাছে কার্যভার বুঝিয়ে দিতে বলেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে সাতজনের মধ্যে ছয়জন ইউপি চেয়ারম্যান ৩ জুলাই হাইকোর্টে পৃথক রিট করেন। ৪ জুলাই শুনানির পর হাইকোর্ট বরখাস্তের ওই আদেশ তিন মাসের জন্য স্থগিত ও রুল জারি করেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে ১১ জুলাই চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।আবেদনের ওপর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।