বিশ্বনাথের নিরপরাধ মানুষকে হয়রানি না করার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে সংঘর্ষের পর আতঙ্ক ছড়িয়ে পড়া গ্রামগুলোর সাধারণ মানুষকে নির্বিঘ্নে চলাফেরা ও ব্যবসা-বাণিজ্য করার আহ্বান জানিয়েছেন সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মকবুল হোসেন ভূঁইয়া। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে ডিআইজি বিশ্বনাথের রামপাশা ও লামাকাজি ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এ আহ্বান জানান। গত ২৩ এপ্রিল হরতাল চলাকালে বিশ্বনাথে হরতাল সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন রিকশাচালকসহ যুবদল ও ছাত্রদলের তিনজন নিহত হন। পুলিশসহ সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার পর পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আট হাজার বিএনপির নেতা-কর্মীকে আসামি করে মামলা হলে বিশ্বনাথের প্রত্যন্ত এলাকায় গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করে। পরিদর্শনকালে ডিআইজি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, যাঁরা সংঘর্ষের ঘটনায় জড়িত নন, তাঁদের কখনো হয়রানি করা হবে না। কেউ যদি মানুষকে হয়রানি করে তাহলে তাত্ক্ষণিক তাঁকে বা পুলিশ সুপারকে সরাসরি মুঠোফোনে জানানোর জন্য অনুরোধ করেন। ডিআইজি তাঁদের মুঠোফোন নম্বরও দেন।