বিশ্বনেতাদের চাপ এড়াতে প্রধানমন্ত্রী 'পালিয়ে বেড়াচ্ছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
BNP-Logo
BNP-Logo

জাতীয় নির্বাচন নিয়ে বিশ্বনেতাদের চাপ এড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের আসন্ন অধিবেশনে যোগ না দিয়ে ‘পালিয়ে বেড়াচ্ছেন’ বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা।
আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর বিএনপির এক সমাবেশে নেতারা এই অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে কেন যাবেন না, জানি। জাতিসংঘের মহাসচিব যদি জিজ্ঞাসা করেন, “নির্বাচন নিয়ে একগুঁয়েমি কেন?” শেখ হাসিনার কোনো জবাব থাকবে না। প্রধানমন্ত্রী জাতিসংঘে গেলে আমেরিকা যদি জিজ্ঞাসা করে, “নির্বাচনে সব দল অংশ নেবে কি না?” কোনো জবাব থাকবে না।’ যুক্তরাষ্ট্র, জাতিসংঘ থেকে পালানোর জন্য প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এখন জাতিসংঘে যাওয়ার পথ বন্ধ হয়েছে, আরও একগুঁয়েমি করলে জনগণের কাছে যাওয়ার পথও বন্ধ হয়ে যাবে।
সভাপতির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে পালিয়ে বেড়াচ্ছেন। কারণ জাতিসংঘে গেলে বিশ্বের নেতারা নির্বাচন নিয়ে চাপ দিতে পারেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ভিন্ন লেবাসে একদলীয় শাসন বাকশাল কায়েম করতে চায়। কিন্তু নির্দলীয় সরকার ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। কর্মীদের আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানতে সরকারকে বাধ্য করতে হবে।

দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ রাজনৈতিক কৌশল হিসেবে জঙ্গি লালন করে। তারা বিদেশিদের সমর্থন পাওয়ার জন্য সব সময় জঙ্গি নিয়ে কথা বলে, জঙ্গি দমনের জন্য নয়। তাঁর দাবি, আওয়ামী লীগ জঙ্গি লালন করে আর বিএনপি জঙ্গি দমন করেছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা হবে বলেও তিনি দাবি করেন।

সমাবেশে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, বরকত উল্লা প্রমুখ বক্তব্য দেন।