বিশ্বনেতাদের নিয়ে গ্রন্থে শেখ হাসিনা
বিশ্বের বর্তমান ১৮ জন নারী জাতীয় নেতার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক গ্রন্থে শেখ হাসিনাকে অন্যতম জাতীয় নেতা হিসেবে তুলে ধরেছেন বইটির লেখক। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
‘নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’ শীর্ষক এ গ্রন্থের প্রচ্ছদে অপর ছয়জন বিশ্বনেতার সঙ্গে শেখ হাসিনার ছবি মুদ্রিত হয়েছে। বইটি লিখেছেন যুক্তরাষ্ট্রের অন্যতম মানবাধিকারকর্মী ও শিক্ষাবিদ রিচার্ড ও’ব্রেইন। ওয়াশিংটনের উইমেন্স ন্যাশনাল ডেমোক্রেটিক ক্লাবে (ডব্লিউএনডিসি) বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লেখক গ্রন্থটিতে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় একনিষ্ঠতা ও কঠোর পরিশ্রমী এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার অর্জন লিপিবদ্ধ করেছেন। ও’ব্রেইন বাংলাদেশকে অধিকতর স্থিতিশীল ও অধিকতর গণতান্ত্রিক এবং অপেক্ষাকৃত কম হিংসাত্মক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে শেখ হাসিনার আন্তরিক প্রয়াসের প্রশংসা করেছেন।
১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে ও’ব্রেইন বলেন, আওয়ামী লীগকে পরিচালনার নেতৃত্বের পদে নির্বাচিত হয়ে তিনি (শেখ হাসিনা) নির্বাচনী কারচুপি ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সে সময় তাঁকে দমন ও নির্যাতনের শিকার হতে হয় এবং আশির দশকে তিনি গৃহবন্দী হন। লেখক বলেন, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও শেখ হাসিনা ও তাঁর সরকার ১৯৯৭ সালে যুগান্তকারী পার্বত্য চট্টগ্রাম চুক্তি, স্থলমাইনের ব্যবহার নিষিদ্ধকরণসহ অনেক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে।
বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ
প্রধানমন্ত্রী গতকাল জাতীয় সংসদে নিজ কার্যালয়ে বগুড়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মকবুল হোসেনকে শপথবাক্য পাঠ করিয়েছেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন। এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বগুড়ার সাংসদ আবদুল মান্নান, হাবিবুর রহমান ও নূরুল ইসলাম ওমর এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।