প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সফল হয়েছে। নতুন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) পূরণেও দেশটি সফল হবে। তবে ধনী দেশ ও দাতা সংস্থাগুলোর অর্থায়নের সদিচ্ছার ওপরে সেটার সফলতা অনেকটা নির্ভর করবে।
যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়ার আগে ঢাকায় এক দীর্ঘ সাক্ষাৎকার দেন তিনি। পত্রিকাটি এ সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গত শুক্রবার। পত্রিকাটি এর আগে গত ১৬ ও ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে আরও দুটি প্রতিবেদন প্রকাশ করে। প্রথমটিতে শেখ হাসিনা বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ দমনে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। দ্বিতীয় সাক্ষাৎকারটিতে তিনি ক্রমবর্ধমান ‘কর্তৃত্ববাদী শাসন’ চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেন।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ যখন এসডিজি গ্রহণ করবে, তখন সেটা একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের একটি ভালো সুযোগ তৈরি করে দেবে। কিন্তু এ ক্ষেত্রে উন্নত দেশগুলো যেসব প্রতিশ্রুতি দিয়ে থাকে, সে বিষয়ে আমাকে কিছু কথা বলতেই হবে। আমরা যখন এ ধরনের বৈঠকগুলোতে অংশ নিই, তখন আমরা গাদা গাদা প্রতিশ্রুতি পাই। কিন্তু বাস্তবে তার সামান্যই আমরা দেখতে পাই।’ তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মতো অনেক ইস্যুই বাংলাদেশের রয়েছে। দেশ এরই মধ্যে খাদ্য নিরাপত্তা অর্জন করেছে। দেশের জনগণ এখন অন্তত দুবেলা দুমুঠো খেতে পারছে। কিন্তু আরেকটি যে ইস্যু রয়েছে, তা হলো পুষ্টি। বিশেষ করে শিশুদের পুষ্টির বিষয়টি।
শেখ হাসিনা বলেন, ‘আমি (বিশ্বনেতাদের) তাঁদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বলব। বিশেষ করে উন্নত দেশগুলোর নেতারা মুখে যা বলেন, তা তাঁদের রাখতে হবে।’
২০০০ সালে নিউইয়র্কে জাতিসংঘ যখন এমডিজি ঘোষণা করে, তখন যেসব জাতীয় নেতা সশরীরে উপস্থিত ছিলেন, তাঁদেরই একজন শেখ হাসিনা। এরপর সেই লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের যেসব দেশ বড় সফলতার মুখ দেখেছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। তাই এমডিজির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর শুরু হওয়া এসডিজি অর্জনের ক্ষেত্রে দেশ সফল হবে বলে মনে করেন শেখ হাসিনা। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা অনেক কিছুই অর্জন করেছি। সুতরাং আমাদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি।’
বিভিন্ন ক্ষেত্রে সমস্যা অব্যাহত রয়েছে, এটা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী। তবে তাঁর মতে, ২০০০ সালের পর থেকে দেশে উন্নয়নের সার্বিক অগ্রগতি দৃশ্যমান। তিনি বলেন, ‘প্রতিটি লক্ষ্যেই আমাদের বিরাট অর্জন রয়েছে। এ কারণেই বাংলাদেশ জাতিসংঘ ও অন্যদের কাছ থেকে অনেক পুরস্কার পেয়েছে। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ হলো এসডিজি গ্রহণ করা। জাতিসংঘের পরবর্তী অধিবেশনেই তা আমরা গ্রহণ করব। বাংলাদেশ এ বিষয়ে খুবই তৎপর।’
সাক্ষাৎকারে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যেই একটি পূর্ণাঙ্গভাবে স্বীকৃত মধ্য আয়ের দেশে পরিণত করার বিষয়ে নিজের লক্ষ্যের কথা জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমার অগ্রাধিকার হলো, এই দেশকে দারিদ্র্যমুক্ত করা। এ জন্য আমাদের অনেক পথ হাঁটতে হবে। আমাদের আরও অনেক কিছু করতে হবে। আমি যখন এই দেশকে একটি দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে, একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারব, সম্ভবত তখনই আমি বলতে পারব, আমি গর্বিত।’