বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০ ভাগ বাড়লেও দেশে বেড়েছে শতভাগ
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হাতের নাগালে রাখার অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম শতকরা ২০ ভাগ বাড়লেও দেশে তা বেড়েছে শতভাগ। এই অবস্থা নিয়ন্ত্রণে সরকার মোটেই সাফল্য দেখাতে পারেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী ও সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ওই পুনর্মিলনী ও সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, পঁচাত্তর সালের পর অর্থনীতির নিয়ন্ত্রণ উচ্চবিত্তদের হাতে চলে গেছে। দেশের বর্তমান অর্থনীতি লুটপাটের অর্থনীতিতে পরিণত হয়েছে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত বলেন, প্রবৃদ্ধির ন্যায্য বণ্টনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এ জন্য পোশাকশ্রমিকদের ন্যায্যমূল্য দিতে হবে। তিনি বলেন, একটি চক্র পুঁজিবাজারে ধসের জন্য দায়ী। এ ব্যাপারে সরকারকে আরও তৎপর হতে হবে। মনে রাখতে হবে, ২৭৪টি ব্রোকার হাউসের মধ্যে ২৩৪টিই একটি বিশেষ সরকারের সময় প্রতিষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে বলেন, শিক্ষানীতি বাস্তবায়নে সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ করা হয়নি। পুনর্মিলনী অনুষ্ঠানে অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁর সহধর্মিণী জায়েদা আহমদ তাঁর পক্ষে সংবর্ধনা স্মারক গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. আজম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।